Wednesday, July 29

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলা: নাসীরুদ্দীন ও সারজিস আহত

|| নিজস্ব প্রতিবেদক ||

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করে লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে এনসিপির একাধিক নেতা-কর্মী ও সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।

তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করে হামলাকারীরা। এছাড়া সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।

অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *