
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক আলোচনা সভা আয়োজিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা মুহাম্মদের ১ থেকে ১১ নম্বর আয়াতের আলোকে দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।
দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা বলেন, সত্যকে অস্বীকারকারীদের সমস্ত কাজ ব্যর্থ হয়ে যায়, কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন ও জীবনযাত্রার মান উন্নত করেন। সূরা মুহাম্মদের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানদার ও কাফেরদের স্পষ্ট পার্থক্য নির্দেশ করেছেন। ঈমানদারদের একমাত্র অভিভাবক আল্লাহ তাআলা, আর সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। ইসলামী রাষ্ট্র ও সমাজব্যবস্থা গঠনে হক ও বাতিলের এই চিরন্তন সংঘাত উপলব্ধি করে প্রতিটি মুসলমানকে জীবনের সর্বক্ষেত্রে কুরআনের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দারসে কুরআনে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এফ এম আলী হায়দার।
এ ছাড়াও আলোচনা সভায় ঢাকা মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
