Monday, July 27

বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আকুল আবেদন মনিরা মিঠুর

|| বিনোদন ডেস্ক ||

বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। নিজেও একজন ভাড়াটিয়া হওয়ায় প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং অতিরিক্ত বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন বলে জানান।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই কোনো কারণ ছাড়া বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার সার্ভিস চার্জ, নিয়মিত রক্ষণাবেক্ষণ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদের নিজেদেরই বহন করতে হয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো কোনো বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ গুণতে হয়। প্রতি বছর যেভাবে বাড়িভাড়া বাড়ে, সেই অনুপাতে মানুষের আয় বাড়ে না। ফলে সীমিত আয়ের সাধারণ মানুষের জন্য এমন অন্যায্য ভাড়ার চাপ সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

আবাসিক ভবনের কড়াকড়ি নিয়ম নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেত্রী বলেন, ২০২৬ সালেও দেখা যায় অনেক ভবনে রাত ১১টার পর মূল গেট তালাবদ্ধ করে দেওয়া হয়। জরুরি প্রয়োজনে কেউ দেরিতে ফিরলে অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তাঁর প্রশ্ন, সাধারণ ভাড়াটিয়াদের জন্য এসব কড়া নিয়ম থাকলেও অপরাধী বা চোর-ডাকাতরা কীভাবে প্রবেশ করে? তখন এসব নিয়ম-কানুন কোথায় হারিয়ে যায়?

বাড়িওয়ালাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ জানিয়ে মনিরা মিঠু বলেন, “আমার একটাই চাওয়া, আপনারা একটু মানবিক হোন। ভাড়াটিয়াদের মানুষ হিসেবে মূল্যায়ন করুন এবং তাদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে সহনশীল ও সহানুভূতিশীল আচরণ করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *