
|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||
জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তায় সরকারি ভিজিআর (জিআর) চাল বিতরণ করা হয়েছে। সম্প্রতি বকশীগঞ্জ পৌরসভার আয়োজনে মোট ২০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে পরিবারপ্রতি ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।
বিতরণকালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
চাল বিতরণকালে পৌর প্রশাসক আসমাউল হুসনা জানান, পৌরসভার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার থেকে প্রাপ্ত এই বিশেষ সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। নিয়ম মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত হকদারদের মাঝে এই চাল বিতরণ সম্পন্ন করা হচ্ছে এবং পৌরসভার পক্ষ থেকে এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত নেতৃবৃন্দ সরকারের এই খাদ্য সহায়তা কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা জোরদার করার আহ্বান জানান। চাল পেয়ে স্থানীয় নিম্নআয়ের মানুষ ও উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে।
