Monday, July 27

ওষুধ মনে করে কীটনাশক সেবন, বকশীগঞ্জে বৃদ্ধের প্রাণহানি

|| ​আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

​জামালপুরের বকশীগঞ্জে ওষুধ মনে করে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা ছিল। চিকিৎসার জন্য তাঁর ঘরে নিয়মিত সেবনের ওষুধ রাখা থাকত। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তিনি ভুলবশত ওষুধের বোতলের বদলে কীটনাশক পান করেন।

​কিছুক্ষণ পর তাঁর স্ত্রী ঘরে ফিরে শাহ আলীকে আশঙ্কাজনক অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারে কারো সঙ্গেই তাঁর কোনো বিরোধ ছিল না। শারীরিক অসুস্থতা ও চোখে কম দেখার কারণেই অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

​এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *