Saturday, July 25

ব্লাড ক্যান্সারে থমকে যাচ্ছে ৯ বছরের সুমাইয়ার জীবন: সাহায্যের আকুল মিনতি

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনোয়ার হোসেন ও লুৎফা বেগম দম্পতির ছোট কন্যাসন্তান সুমাইয়া (৯)। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই শিশু শিক্ষার্থী বর্তমানে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছে। সে বর্তমানে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রের খবর ও রিপোর্ট অনুযায়ী, সুমাইয়া ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’ নামক জটিল রক্তের ক্যান্সারে আক্রান্ত। পাশাপাশি তার ডান চোখে গুরুতর রক্তক্ষরণ ও সংক্রমণজনিত সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে শিশু অনকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এ.টি.এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রথম ধাপের কিমোথেরাপি কার্যক্রম চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সুমাইয়ার শরীরে রক্তের লোহিত কণিকা ও প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাকে নিয়মিত বি-পজিটিভ (B+) গ্রুপের প্লাটিলেট দিতে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পূর্ণাঙ্গ কিমোথেরাপি সাইকেল সম্পন্ন করা গেলে শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন চিকিৎসকরা। তবে এই দীর্ঘমেয়াদী চিকিৎসার পেছনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ের কথা জানিয়েছেন তারা।

দরিদ্র পিতার পক্ষে এই বিশাল অংকের টাকার জোগান দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই চিকিৎসার পেছনে জমানো পুঁজি শেষ করে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে নিষ্পাপ সুমাইয়ার জীবন বাঁচাতে এগিয়ে এসেছে স্থানীয় সামাজিক ও মানবিক সংস্থা ‘আত-তাওহীদ অর্গানাইজেশন’। শিশুটিকে এই বিপদের হাত থেকে ফিরিয়ে আনতে দেশের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গ ও প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
সুমাইয়ার চিকিৎসার ফান্ডে অনুদান পাঠাতে স্থানীয় সামাজিক সংস্থা ‘আত-তাওহীদ অর্গানাইজেশন’-এর সাথে যোগাযোগের মাধ্যমে সহায়তা প্রদান করা যাবে:
বিকাশ (ব্যক্তিগত): ০১৭১৮-০০৩৯৫২
নগদ (ব্যক্তিগত): ০১৮৬৭-০৪৯৭০০
(টাকা পাঠানোর পর রেফারেন্স হিসেবে ‘সুমাইয়া’ লিখে বার্তা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *