Thursday, July 23

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৭

সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিবছর জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সে হিসেবে সারাদেশের সব জেলা কমিটির কাউন্সিল সম্মেলন করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্র থেকে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ফেনী জেলা কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। যতদূর মনে পড়ে সালটি ছিল ১৯৮১।

ফেনী আলিয়া মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুর তার পশ্চিম পাশে ফেনী টাউন হল নামে একটি মিলনায়তন ছিল। এ হলটি আমাদের জন্য খুব সুবিধাজনক ছিল। আমরা সেখানে কাউন্সিল সম্মেলন করার জন্য প্রস্তুতি নিই। কাউন্সিল সম্মেলনকে সামনে রেখে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও স্মারক প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্মেলন স্মারকের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি শুভেচ্ছা বাণী, প্রবন্ধ ও বিভিন্ন লেখা সংগ্রহ করার কৌশল ও পরিকল্পনা গ্রহণ করেন। শুভেচ্ছা বাণী কাদের থেকে নেওয়া হবে তাদের একটি তালিকা করা হয়। বিশেষ করে ফেনী জেলার এমপি, মন্ত্রী, জজ, শিক্ষাবিদ থেকে শুভেচ্ছা বাণী সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। তখনকার সময় ফেনীর ১ আসনের এমপি ছিলেন জাফর ইমাম বীর বিক্রম। তিনি ত্রাণমন্ত্রীও ছিলেন।

তিনি একদিন ফেনী সার্কিট হাউস বা গেস্ট হাউসে অবস্থান করছিলেন। এই সুযোগে আমরা দলবদ্ধভাবে তার নিকট যাই। তার সাথে সাক্ষাতে তাঁকে বললাম, স্যার আমাদের কাউন্সিল সম্মেলন উপলক্ষে সম্মেলন স্মারকে আপনার একটি শুভেচ্ছা বাণী আশা করছি। তিনি বললেন, শুভেচ্ছা বাণী লেখার আমার সময় নেই। তোমরা লিখে আনলে আমি দেখে স্বাক্ষর করে দেব। তাই করা হলো। মন্ত্রী মহোদয়কে আমাদের সম্মেলনের জন্য সহযোগিতার কথা জানানো হলো, তিনি আমাকে বললেন আমার নিকট এখন তেমন টাকা পয়সা নেই। এরপর তিনি বললেন ধরো, আমার সাথে যা ছিল সব দিয়ে দিলাম। হিসেব করে দেখি মনে হয় এক দেড় হাজার টাকা আমাদেরকে দিয়েছিলেন।

আমরা ফেনীর গণ্যমান্য ব্যক্তিদের থেকে এভাবে শুভেচ্ছা বাণী সংগ্রহ করি এবং সম্মেলনের জন্য কালেকশন করি।

সম্মেলন স্মারকে শুভেচ্ছা বাণী, প্রবন্ধ, কবিতা ইত্যাদি দিয়ে যথাসময়ে ফেনী জেলা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলন স্মারক প্রকাশিত হয়। ঐ সময় অন্য কোনো জেলায় এভাবে আর কোনো সম্মেলন স্মারক প্রকাশিত হয়েছে কিনা আমার জানা নেই।

সম্মেলনের হল ব্যানার ফেস্টুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হলো। সম্মেলনের ব্যাপক প্রস্তুতি দেখে ছাত্রদলের নেতারা দেখতে আসলেন। আমাদের কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি দেখে বললেন আপনারা তো খুব সুন্দর করে হল সাজিয়েছেন। সম্মেলনের প্রস্তুতির জন্য ধন্যবাদ।

আমার যতদূর স্মরণ পরে কেন্দ্রীয়ভাবে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি হাফেজ এটিএম হেমায়েত উদ্দিন ভাই প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *