Wednesday, July 22

বদলগাছীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছীতে পাঠ না পারায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই শিক্ষার্থী গুরুতর আহত হলেও আতঙ্কে দু’দিন ধরে বিষয়টি গোপন রেখেছিল।

জানা যায়, গত সোমবার (২০ জুলাই) ক্লাসে পাঠদানের সময় পড়া বলতে না পারায় অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম বেত দিয়ে ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শিশুটির শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন তৈরি হয়। শারীরিক ও মানসিক যন্ত্রণায় গত দুই দিন রাতে ঘুমাতে না পেরে ডুকরে কেঁদে উঠলে পরিবারকে পুরো ঘটনাটি খুলে বলে সে।

শিক্ষার্থীর স্বজনরা এ নিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনাটি অস্বীকার করেন। তবে পরে যোগাযোগের চেষ্টা করা হলে শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “আমি স্কুলে ওদের কোচিং করাই, তাই দু-একটা মার দিয়েছিলাম। তবে আঘাত যে এতটা গুরুতর হবে তা বুঝতে পারিনি।” স্থানীয় অভিভাবকদের দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের আরও অভিযোগ রয়েছে।

এদিকে ঘটনাটিকে ‘তিন হাজার টাকায় আপস’ করার প্রক্রিয়ার কথা জানিয়ে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন বলেন, “আমরা ম্যানেজিং কমিটিসহ বসে বিষয়টি তিন হাজার টাকার বিনিময়ে সমাধানের চেষ্টা করছি, যা এখনও প্রক্রিয়াধীন।” ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক রবিউল ছুটি নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে।

বিষয়টি নিয়ে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *