Wednesday, July 22

নাগেশ্বরীতে ২৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন মিলনায়তনে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (২৫) আসনের সংসদ সদস্য এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, অধ্যক্ষ জায়েদুর রহমান, কে এম আনিছুর রহমান এবং পৌর জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন সরকার।

অনুষ্ঠানে প্রাথমিক মেধা বৃত্তিতে ৮২ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৬১ জনসহ মোট ২৪৩ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থী-অভিভাবকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *