Tuesday, July 21

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

|| অনলাইন ডেস্ক ||

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, দিনের শুরু থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

আবহাওয়া দপ্তর আরও জানায়, রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *