Tuesday, July 14

স্মৃতির পাতায় তালাবা

সময় ১৯৭৫ সাল। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা খুবই খারাপ ছিল। আমি মহকুমা শহর ফেনী আলিয়া মাদ্রাসায় আলেম শ্রেণীতে ভর্তি হই। তখন জমিয়াতে তালাবা সম্পর্কে জানতে পারি। আমার নিকট কয়েকজন ছাত্র মাদ্রাসা ছাত্রদের যৌক্তিক কতগুলো দাবি এবং লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন, তখনই আমি সংগঠনের সাথে জড়িত হই। কিছুদিনের মধ্যে আমার উপরে ফেনী জেলা (মহকুমা) জমিয়তে তালাবার সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

ঢাকা আলিয়া মাদ্রাসায় একটি তালিম ও তারবীয়তের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আমাকে সে প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়। যথাসময়ে আমি প্রোগ্রামে উপস্থিত হই। সে প্রোগ্রামে অনেক জ্ঞানীগুণী ও বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত হয়ে ছিলেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এ প্রশিক্ষণে আমি যথেষ্ট উপকৃত হয়েছি।

ফেরী আলিয়া মাদ্রাসায় আমার যথেষ্ট পরিচিতি ও প্রভাব ছিল। বিশেষ করে আমার বাবারও একটি অবদান, তাঁর পরিচয়ে আমার পরিচিতি বৃদ্ধি পায়। মাদ্রাসার প্রায় সব শিক্ষক আমাকে ভালো জানতেন এবং পছন্দ করতেন। তাদের অধিকাংশ জামায়াত ও শিবিরের বিরোধী ছিলেন। যার কারণে তালাবার কাজ করার জন্য আমাকে তারা উৎসাহিত করেছেন সহযোগিতা করেছেন। ফলশ্রুতিতে ফেনী আলিয়া মাদ্রাসায় অল্প কয়েকজন ছাত্র-ছাত্র শিবির করতো বাকিরা তালাবার সাথে সম্পৃক্ত ছিল।

তালাবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনকিছু জানা ছিল না। তবে মাদ্রাসার শিক্ষকগণ তালাবা সম্পর্কে জানতেন। আমরা ছাত্রদেরকে তালাবার লক্ষ্য-উদ্দেশ্য বুঝানোর চেষ্টা করলাম এবং আমাদের দাবী-দাওয়া তাদের নিকট উপস্থাপন করলাম এবং তাদের মধ্যে যারা সদস্য হতে চাইতেন তাদেরকে গঠনতন্ত্রের দায়িত্বশীলদের শপথ বাক্যটা সাদা কাগজের উপরে লিখে দিয়ে কাগজের মধ্যে স্বাক্ষর করে নিতাম। এভাবে সদস্য সংগ্রহ করতে শুরু করি।
(চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *