
|| ডা. আনোয়ার সাদাত ||
ইউরোপের দক্ষিণ-পশ্চিম প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনে ৭১১ খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের স্পেন বিজয় কখনোই একটা বৈদেশিক আক্রমণ কিংবা স্থানীয় অধিবাসীদের অধীনে আনার কোন প্রচেষ্টা ছিল না।
মুসলমানগণ ৭১১ থেকে ১৪৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আটশ’ বছর স্পেন শাসন করেন। পবিত্র কুরআনের বাণী ও মহানবী হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর নির্দেশ তাদেরকে দেশ বিজয়ে উৎসাহ যোগায়।
এই ঐতিহাসিক বিজয় ছিল এক অত্যাচারী সাম্রাজ্যের বিপক্ষে তাওহিদ পন্থিদের এক অভ্যুত্থান। মুসলিমরা এই অঞ্চলে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছিল অন্যায়-অত্যাচারের উৎপাটন এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, যা মুসলিমরা সম্ভব করেছিল স্থানীয় অধিবাসীদের সহায়তা নিয়েই। ন্যায় এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় মুসলিমরা শত-সহস্র মানুষের মন জয় করেছিল, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে।
এখানে উল্লেখ্য যে, আইবেরিয়ার এমন বিশাল জনসংখ্যার ইসলাম গ্রহণ করার পেছনে একত্ববাদী এবং মুসলিমদের বিশ্বাসের অভিন্নতাই এক বড় ভূমিকা পালন করেছিল। ৭১১ খ্রিস্টাব্দে প্রথম আক্রমণের পর ২০০-৩০০ বছরের মধ্যেই স্পেনের ৮০ শতাংশেরও বেশী মানুষ ছিল মুসলিম, সংখ্যায় যা ৫০ লক্ষেরও বেশী। এদের বেশীরভাগই স্পেনের স্থানীয় অধিবাসী, যাদের পূর্বপুরুষগণ ইসলাম গ্রহণ করেছিল।
ভৌগোলিক অবস্থানের দিক থেকে স্পেন একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রাচীনকালে স্পেন আইবেরীয় উপদ্বীপ নামে পরিচিত ছিল। অপরূপ সুন্দর এই উপদ্বীপটি মুসলিম শাসনামলে আন্দালুস নামে পরিচিতি লাভ করে। এটি ইউরোপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এর আয়তন প্রায় ২,৯৫,১৪০ বর্গমাইল। মুসলমানগণ ৭১১ থেকে ১৪৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আটশ’ বছর স্পেন শাসন করেন।
স্পেনে মুসলিমদের আগমন ঘটে ৭১১ খ্রিস্টাব্দে গুয়াদালেতের যুদ্ধের মাধ্যমে, যেখানে তারিক বিন জিয়াদের বাহিনী ভিসিগোথিক রাজাকে পরাজিত করে। তারিকের এ বিজয়কে স্পেনের সাধারণ মানুষ আশীর্বাদ হিসেবে গন্য করে ছিল। পরবর্তিতে ৭১২ খিস্টাব্দে বীর সেনাপতি মুসা বিন নুসাইর স্পেনে আগমন করেন। বিভিন্ন এলাকা বিজয় করে তিনি তারিক বিন যিয়াদের সাথে সাক্ষাৎ করেন। মূসা বিন নুসাইর ও তারিক বিন যিয়াদের শৌর্যবীর্য, পরাক্রম ও অক্লান্ত চেষ্টার ফলে ইউরোপ ও আফ্রিকা মহাদেশের বহু স্থানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়।
আল-আন্দালুস নামে পরিচিত এই অঞ্চলে কর্ডোভা ও গ্রানাডার মতো শহরগুলোতে ইসলামী সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে।
খিস্ট্রীয় নবম শতকে আন্দালুস হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে অগ্রসর অঞ্চল। এই ভূখণ্ডের জনসংখ্যার ৮০ শতাংশ লোকই ইসলাম ছায়াতলে আশ্রয় নেয়। এর রাজধানী কর্ডোভা ছিলো মুসলিম বিশ্ব ও ইউরোপের জ্ঞানপিপাসুদের তীর্থস্থান।১৪৯২ সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে।
লেখক: ইসলামিক স্কলার, সাংবাদিক ও চিকিৎসক (খুলনা)।
