
|| রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের রাজারহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় একটি গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিমুলতলা এলাকায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির এক আরোহী নিহত হন এবং একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজারহাট থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
