মঙ্গলবার, জুন ৩০

আলেমদের চরিত্র হনন ও রাজনৈতিক চালচিত্র নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ

|| নিজস্ব প্রতিবেদক ||

চলমান বৈশ্বিক অস্থিরতা ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের শান্তিচুক্তি সুসম্পন্ন না হওয়া এবং নতুন করে হামলার ঘটনায় বিশ্বব্যাপী অস্থিরতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার বর্তমান পরিস্থিতিকে তিনি ‘নিচে পড়েও পা উপরে থাকা’ কুস্তিগীরের সাথে তুলনা করে তীব্র সমালোচনা করেন।

শনিবার (২৭ জুন) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বর্তমানে যে রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে, তাতে সরকারি দল বিএনপি এখন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আর জামায়াতে ইসলামী খেলছে বিএনপির ভূমিকা।

বৈঠকে সামাজিক ও জনকল্যাণমূলক বেশ কিছু দাবি তুলে ধরে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বলেন, অসহায় ও দরিদ্রবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘আদ-দ্বীন হাসপাতাল’ পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। একই সাথে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পেনশন, কল্যাণ ও অবসর ভাতা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দেশের মাজারগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মাজারগুলো থেকে অর্জিত সমস্ত আয় সরাসরি সরকারি ফান্ডে জমা হওয়া উচিত।

বক্তব্যের শেষাংশে দেশের আলেম-ওলামাদের সামাজিক মর্যাদার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে রঙ মাখিয়ে ঢালাওভাবে দেশের আলেম-ওলামাদের চরিত্র হনন করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞার সঞ্চালনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিগত মাসের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোকপাত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীরদ্বয়- মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এবং অধ্যাপক মুফতী মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তালীম ও তারবিয়াত সম্পাদক মুফতি মাওলানা মিজানুর রহমান আসলামী, প্রচার সম্পাদক মাওলানা ওমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জনাব এফ এম আলী হায়দার, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, অফিস সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহসহ কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *