
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে আগামী ২৮ জুন দেশব্যাপী উদযাপিতব্য জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশফিয়া সাবরিন মৌসুমি, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, ডা. মেহেদী হাসান এবং ডা. সুদীপ সরকার।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মসজিদের ইমাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ২৮ জুনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি শিশুকে এই কর্মসূচির আওতায় এনে ক্যাম্পেইনটি শতভাগ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে উপজেলার কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
