
|| নিজস্ব প্রতিবেদক ||
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর রিজিয়নের অধীনস্থ দিনাজপুর সেক্টরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়। এছাড়াও বিজিবি ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।
বিজিবি প্যারেড গ্রাউন্ডে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদক ও বোতল সারিবদ্ধ করে প্রদর্শন করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, উপস্থিত সকলের উপস্থিতিতে বিপুল পরিমাণ মাদক ধ্বংসের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
