রবিবার, জুন ২১

পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও নলকূপ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রামসমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

রবিবার (২১ জুন) দিনব্যাপি ছোট তারাবন চড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

দুপুরে জগৎ মোহন পাড়ায় স্থানীয়দের পানীয় জলের জন্য নলকুপ স্থাপন, স্থানীয় কৃষক কৃষানীর মাঝে ছাতা বিতরণ ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, পার্বত্য এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বিজিবির উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি প্রশংসনীয় মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আশাবাদী, ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামূলক কার্যক্রম চলমান থাকবে।

লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় ইউপি সদস্য রুপক চাকমাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *