
|| নিজস্ব প্রতিবেদক ||
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২১ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় দিনের সফরের প্রথম অংশে তিনি ২১-২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই দ্বিপক্ষীয় সফর ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, নতুন কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় অংশে চীন ভ্রমণকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।
