শনিবার, জুন ২০

তাড়াইলে নদী ভাঙনে ১২ ঘর বিলীন ও হুমকিতে ৫০ পরিবার: জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বরুহা সওদাগর পাড়ায় নরসুন্দা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ১২টি বসতঘর সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরও অন্তত ৫০টি পরিবারের বসতভিটা যেকোনো মুহূর্তে নদীগর্ভে হারিয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ, স্বপন মিয়া, নিজামুদ্দিন, রমজান মিয়া, আঙ্গুর মিয়া, জামাল মিয়া, মেনু মিয়া, কাদির মিয়া, নয়ন মিয়া ও ইছাক মিয়াসহ অসংখ্য পরিবারের ঘরের নিচ থেকে মাটি সরে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। ঘরগুলো খুঁটির ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ইতোমধ্যে অনেকের উঠান, রান্নাঘর ও টিউবওয়েল নদীতে তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে শিশু ও নারী-পুরুষসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।

বিপর্যয় ঠেকাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সেই সঙ্গে বসতভিটা হারানো ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়, শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি নরসুন্দা নদীর এই অংশে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর পক্ষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে দ্রুততম সময়ে সরেজমিন পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *