সোমবার, জুন ১

বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও বাংলাদেশে শুধুই বাড়ে: ইসলামী আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে আরও ৫ টাকা করে বাড়ানোর সরকারি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশ্ববাজারের দোহাই না দিয়ে দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করার আহ্বান জানিয়েছে দলটি।

আজ সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায়ই ওঠানামা করে। কিন্তু আমাদের দেশে এই দাম কেবল বাড়তেই দেখা যায়। আর জ্বালানির দাম বাড়ার অজুহাতে বাজারে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও একলাফে বেড়ে যায়। দুঃখজনক বিষয় হলো, বিশ্ববাজারে দাম কমলেও দেশে কখনো তা কমানো হয় না এবং একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কখনো কমে না। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে সাধারণ জনগণকে প্রতিনিয়ত চরম ঊর্ধ্বমুখী অর্থনৈতিক চাপে ফেলা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশজুড়ে চলমান তীব্র মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন এখন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ বুকভরা আশা নিয়ে তাকিয়ে ছিল। কিন্তু একের পর এক জনভোগান্তি বাড়নোর সিদ্ধান্তের মাধ্যমে জনগণের সেই আশার গুড়ে নিয়মিত বালি ছিটিয়ে দেওয়া হচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সংকট মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি নিজের ব্যর্থতা ঢেকে সব চাপ জনতার ওপরেই চাপিয়ে দেয়, তবে প্রশাসনের অপরিহার্যতা নিয়েই প্রশ্ন উঠবে। তাই জনগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার আগেই মানুষের আর্থিক বোঝা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *