সোমবার, মে ২৫

খুলনায় ঈদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপনকে ঘিরে খুলনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের প্রধান জামাত সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হবে।

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে স্থানীয় পরিচালনা কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় জামাতের সময় নির্ধারণ করবে।

ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় সজ্জিতকরণ এবং হাসপাতাল, কারাগার, শিশুসদন ও আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হবে।

নিরাপত্তা নিশ্চিতে মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ঈদের সময় আতশবাজি, পটকা ফোটানো, উচ্চস্বরে মাইক বাজানো, বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে রাতে পণ্যবাহী জাহাজ, বাল্কহেড ও স্পিডবোট চলাচল সীমিত করা হবে। ২৭ মে থেকে ৬ জুন পর্যন্ত বালুবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে। একইসঙ্গে নৌপথে ডাকাতি, চাঁদাবাজি ও যাত্রী হয়রানি ঠেকাতে টহল জোরদার করা হবে।

প্রশাসন জানিয়েছে, অনুমতি ছাড়া কোথাও পশুর হাট বসানো যাবে না। মহাসড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা ও টার্মিনাল সংলগ্ন স্থানে পশুর হাট স্থাপনে নিষেধাজ্ঞা থাকবে। কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্যে বিক্রি এবং এতিমখানা ও মাদ্রাসাগুলোর স্বার্থ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।

ঈদের সময় অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমার ঠেকাতে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও নৌ টার্মিনালে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানিয়েছে প্রশাসন।

ঈদের প্রধান জামাতে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুমের মোবাইল নম্বরও চালু রাখা হবে।

ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং স্থানীয় পত্রিকাগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *