
|| নিজস্ব প্রতিবেদক ||
মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের কারণেই বর্তমানে বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ছয়টার দিকে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন।
বাজার পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন, একটি অসাধু সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এর ফলে বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষ সরাসরি ভোগান্তির শিকার হচ্ছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারকে আরও কার্যকর ও কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল হিসেবে তারা সবসময় সোচ্চার থাকবেন। বাজার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অসাধু চক্র রুখে দিয়ে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন দলটির নেতারা।
