
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদল কর্মীদের অতর্কিত হামলায় উপজেলা জামায়াত নেতা আব্দুল মন্নাফ আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। পেশিশক্তির জোর ও ক্ষমতার অপব্যবহার করে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর-সর্বতুলসী গ্রামে নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল মন্নাফ আলী সর্বতুলসী গ্রামের মৃত ছাবেত আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী এবং কল্যাণপুর মাঠ মসজিদ ইউনিটের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় একই গ্রামের যুবদল কর্মী জাকারিয়া হোসেন জাক্কুর নেতৃত্বে ৫-৬ জনের একটি সশস্ত্র দল চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল মন্নাফের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে জামায়াত নেতার ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আমীর মাওলানা ছানোয়ার হোসাইন, সেক্রেটারি আবুল হাসনাত মঞ্জু এবং ২ নম্বর ওয়ার্ড আমীর মাওলানা আমিরুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল জলিল এক যৌথ বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক ও সভ্য সমাজে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
