সোমবার, মে ৪

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী রয়েছেন।

আজ সোমবার (৪মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। এবার মোট ৬৬০টি এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে আগামী ৩০ জুন শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *