
|| আন্তর্জাতিক ডেস্ক ||
আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল হান্টাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রমোদতরীটিতে ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য নিশ্চিত করে পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য যাত্রীদের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে জরুরি সমন্বয় শুরু হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আফ্রিকার কেপ ভার্দের উদ্দেশ্যে রওনা হওয়া ‘এমভি হন্ডিয়াস’ নামের ওই প্রমোদতরীতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। ডব্লিউএইচও জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত একজনের শরীরে এই বিরল হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে আরও তিনজন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও অন্তত পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
ডব্লিউএইচও-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষা এবং মহামারিবিদ্যাগত বিশ্লেষণও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে আক্রান্ত ও উপসর্গ থাকা অন্য যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে বিভিন্ন দেশের মধ্যে দ্রুত সমন্বয় করা হচ্ছে। প্রমোদতরীটির সকল যাত্রী ও ক্রুদের সার্বিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং ভাইরাসের জিনগত বিশ্লেষণও চলমান রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস একটি অত্যন্ত বিরল এবং বিপজ্জনক রোগ। এটি মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মলমূত্র থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। এই রোগটি গুরুতর পর্যায়ে গেলে রক্তক্ষরণজনিত জ্বরের কারণ হতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকিও অনেক বাড়িয়ে দেয়। প্রমোদতরীটিতে আর কোনো যাত্রী যেন নতুন করে আক্রান্ত না হন, সেজন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
