Sunday, September 20

ইরান যুদ্ধে আমেরিকার ১০০ বিলিয়ন ডলার শেষ, দাবি আরাঘচির

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পেন্টাগনের বিরুদ্ধে যুদ্ধের ব্যয় নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনেছেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধের জুয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অন্তত ১০০ বিলিয়ন ডলারের সরাসরি আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে, যা পেন্টাগনের আনুষ্ঠানিক হিসাবের চেয়ে চারগুণ বেশি।

আরাঘচি সতর্ক করে বলেন, মার্কিন করদাতাদের জন্য এই যুদ্ধের পরোক্ষ প্রভাব আরও ভয়াবহ এবং বর্তমানে প্রতিটি আমেরিকান পরিবারকে মাসে গড়ে ৫০০ ডলার করে অতিরিক্ত খরচ করতে হচ্ছে যা দ্রুত বাড়ছে। তিনি আরও মন্তব্য করেন, ইসরায়েলকে অগ্রাধিকার দিতে গিয়ে ওয়াশিংটন মূলত নিজের দেশের স্বার্থকে বিসর্জন দিচ্ছে। খোদ মার্কিন প্রশাসনের অভ্যন্তরেও পেন্টাগনের ২৫ বিলিয়ন ডলারের হিসাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ মূল্যায়নের সাথে যুক্ত সূত্রগুলো জানিয়েছে, পেন্টাগন কেবল সরাসরি অভিযানের খরচ দেখাচ্ছে। কিন্তু ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। পুনর্গঠন এবং ধ্বংস হওয়া সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ যোগ করলে এই অঙ্ক ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে একাডেমিক বিশেষজ্ঞরা এই যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিণতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি বিশেষজ্ঞ অধ্যাপক লিন্ডা বিলমেস আশঙ্কা প্রকাশ করেছেন, এই যুদ্ধের মোট ব্যয় শেষ পর্যন্ত ১ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। তিনি জানান, যুদ্ধের ৪০ দিনে প্রতিদিন গড়ে ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

তার মতে, পেন্টাগন পুরনো মূল্যে সম্পদের হিসাব করছে, অথচ বর্তমানে সেগুলো প্রতিস্থাপন করতে কয়েকগুণ বেশি অর্থ ব্যয় হবে। এ ছাড়া যুদ্ধে নিয়োজিত প্রায় ৫৫ হাজার সেনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা ও পঙ্গুত্ব ভাতার বোঝা মার্কিন অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করবে।

প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্সও এই যুদ্ধের তীব্র সমালোচনা করে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন। তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের উদাহরণ টেনে বলেন, জনগণের আবাসন এবং শিক্ষার জন্য অর্থের অভাব থাকলেও যুদ্ধের জন্য সবসময় বিলিয়ন বিলিয়ন ডলার পাওয়া যায়।

সূত্র: প্রেস টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *