
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার দীর্ঘদিনের পরম শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং রাজধানীর পল্টনের ঐতিহ্যবাহী নোয়াখালী হোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব ওসমান গনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬:১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি গত বেশ কয়েকদিন যাবৎ হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ছিলেন।
বিশিষ্ট এই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আলহাজ্ব ওসমান গনী ছিলেন অত্যন্ত সহজ-সরল ও সাদা মনের মানুষ। তাঁর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলন একজন অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে হারালো।
দেশের ব্যবসায়িক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ওসমান গনী হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। নেতৃদ্বয় তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশের হোটেল রেস্তোরাঁ শিল্পের মানোন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন আল্লাহ তাঁর সারা জীবনের নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য দান করার জন্য দোয়া করেন। (আমীন)
