
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ইমাম নিয়োগ ও তাকে ঘিরে ওঠা বিতর্ককে কেন্দ্র করে খুলনার হেরাজ মার্কেট মসজিদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মার্কেট কমিটির দাবি, ইমাম পরিষদের পক্ষ থেকে পূর্বঘোষণা ছাড়া মসজিদে বৈঠক করার চেষ্টা করা হয়। এর আগে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের মাধ্যমে বৈঠক স্থগিত করা হয়েছিল। তবে আসরের নামাজের সময় একদল লোক মসজিদে প্রবেশ করে এবং নামাজ শেষে ইমাম ইস্যুতে আলোচনা শুরু করতে চাইলে উত্তেজনা তৈরি হয়। এ সময় বাধা দিলে কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের।
হেরাজ মার্কেট ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব পিন্টু বলেন, সংশ্লিষ্ট ইমামকে ঘিরে আগে থেকেই বিতর্ক রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে দিয়ে নামাজ পরিচালনার বিরোধিতা করেন তারা। এ অবস্থায় হঠাৎ করে বৈঠক আয়োজনের চেষ্টা এবং বাইরে থেকে লোক এনে মসজিদে জড়ো করার অভিযোগও তোলেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত ইমামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, ইমামকে ঘিরে পূর্বের একটি মামলা তদন্তাধীন রয়েছে। এ নিয়ে মসজিদ কমিটি ও ইমাম পরিষদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
