শনিবার, এপ্রিল ১৮

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

|| অনলাইন ডেস্ক ||

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। বিষয়টি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ‘এর কোনো সত্যতা নেই, এটি স্রেফ গুজব।’ গতকাল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাঁকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এনসিপি থেকে বারবার তাঁকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে বলা হয়েছে যে, তিনি জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনার ছিলেন এবং তাঁর ত্যাগ রয়েছে। তবে এই প্রস্তাবের প্রেক্ষিতে তিনি কোনো ইতিবাচক সাড়া দেননি, বরং বিষয়টি নিয়ে আর কথা না বাড়িয়ে হেসে উড়িয়ে দিয়েছেন।

সংসদে কথা বলার সুযোগ তৈরির জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ‘কেবল কথা বলার সুযোগের জন্য আমি কোনো দলে বা জোটে যোগ দেব না। কথা বলার জন্য বর্তমানে অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে। আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে বাড়তি দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

এই বক্তব্যের মাধ্যমে রুমিন ফারহানা তাঁর রাজনৈতিক অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন এবং এনসিপিতে যোগদানের বিষয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *