
|| আন্তর্জাতিক ডেস্ক ||
নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তেহরান সফররত পাকিস্তানি সেনাপ্রধানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। ইরান বর্তমানে এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটনের অবরোধ বহাল থাকা অবস্থায় হরমুজ প্রণালী আংশিক বা শর্তসাপেক্ষে খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানে দুই পক্ষের মধ্যে প্রাথমিক দফার আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই তা শেষ হয়। ইরানের আলোচক দল জানিয়েছে, তারা তাদের অবস্থানে অনড় এবং কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না।
ভবিষ্যতে যদি প্রণালীটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, সেক্ষেত্রেও কঠোর শর্ত জুড়ে দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, তখন প্রতিটি জাহাজকে তেহরানের কাছ থেকে বাধ্যতামূলক ট্রানজিট সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এছাড়া নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষেই কেবল জাহাজ চলাচলের অনুমতি মিলবে। এই ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপ ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথে ইরানের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
