
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম (৪৮) অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের মরহুম সাকোয়াত হোসেনের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুস সালামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী এবং মিসেস মোমেনা আলী। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাজা নামাজে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার তাঁর রাজনৈতিক সহযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
এদিকে জনবান্ধব এই নেতার অকাল মৃত্যুতে উল্লাপাড়ার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাত নসিব করেন।
