শনিবার, এপ্রিল ১৮

নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান: বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুস সাত্তারকে (৬০) গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বদলগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিনি প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এবং তার ৮ বছর বয়সী খেলার সঙ্গীকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে বড় শিশুটিকে ধর্ষণ এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি বিশেষ টিম গঠন করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ টিমগুলো রাতভর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। একটানা অভিযানের পর আজ সকালে অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার জানান, শিশুদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *