শুক্রবার, এপ্রিল ১৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র মতে, মোট দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। প্রথম দিন আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকার কার্যক্রম শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ দুঃসময় ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রে যাদের সংসদে কথা বলার বিশেষ যোগ্যতা রয়েছে, স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড তাদেরকেই যথাযথ মূল্যায়ন করবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনের জন্য মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এবার বিএনপি জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত রয়েছে। বাকি আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীসহ তাদের জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *