শুক্রবার, এপ্রিল ১৭

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় ৯ বছর বয়সী শিশু আতিকা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আরও দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে নাঈম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করতে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাঈমের পিতা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া(ফারুক )নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের বাড়ি একই এলাকার বনপারিল গ্রামে বলে জানা গেছে।

ঘটনার পর পুরো বনপারিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতেই পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু আতিকার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *