
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||
দেশে অপরাধের ধরণ দিন দিন পরিবর্তিত হচ্ছে, আর এর বড় একটি অংশ এখন প্রযুক্তিনির্ভর। সাইবার অপরাধসহ আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সময়োপযোগী দক্ষতা অর্জন এবং সর্বদা হালনাগাদ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দীর্ঘমেয়াদি ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। এই আস্থা ধরে রাখতে হলে সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সেবাই ধর্ম’—এই আদর্শকে ধারণ করে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।
