
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কবির মামুদ (খেজুরের তল) এলাকার পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি দল সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩ কেজি ৭শ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশাটি জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন লালমনিরহাট সদর উপজেলার তিস্তার পাঙ্গাটারী গ্রামের মৃত আশরাফুল হকের ছেলে মো. জহির উদ্দিন (৪০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তাকে ফুলবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
