শুক্রবার, মার্চ ২৭

বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি উপজেলা কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

সবশেষে উপস্থিত সবার অংশগ্রহণে দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *