বুধবার, মার্চ ১৮

নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার দিনব্যাপী নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারদর, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা এবং বাজারে স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর সব বাজার পরিদর্শন করে সেগুলোকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাজারগুলোকে সুন্দর ও কার্যকর করতে বিক্রেতা ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেসিসি প্রশাসক সকাল থেকে পর্যায়ক্রমে নগরীর শেখপাড়া বাজার, মিস্ত্রিপাড়া বাজার, চানমারি বাজার ও ময়লাপোতা মিট মার্কেট পরিদর্শন করেন। এছাড়া চানমারি মতিয়াখালী খালের পাড়ে মাটি উত্তোলন কাজও তিনি পরিদর্শন করেন।

এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, উপসহকারী প্রকৌশলী শেখ নজরুল ইসলাম ও অমিত কান্তি ঘোষ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *