সোমবার, মার্চ ১৬

বানারীপাড়া প্রেসক্লাবে নজিরবিহীন গণ-পদত্যাগ: শীর্ষ ৬ সাংবাদিকের একযোগে বিদায়

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||

বানারীপাড়া প্রেসক্লাবের অভ্যন্তরে চরম রাজনৈতিক দলীয়করণ, অবমূল্যায়ন এবং গঠনতন্ত্রবিরোধী স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কার্যনির্বাহী কমিটির ৬ জন শীর্ষ পদধারী সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী ৬ সাংবাদিক নেতা হলেন:

সহ-সভাপতি: কাজী শাহীন মাহমুদ
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাব্বির হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলাম
দপ্তর সম্পাদক: মো. আছিবুল ইসলাম
ধর্ম বিষয়ক সম্পাদক: আতিকুল ইসলাম ওসমানী

পদত্যাগকারী সংবাদকর্মীরা তাদের বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, বানারীপাড়া প্রেসক্লাব বর্তমানে তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এটি এখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। সংগঠনের নীতিনির্ধারণী বিষয়ে সাধারণ সদস্যদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার পরিবর্তে একটি নির্দিষ্ট গোষ্ঠীর তোষণ করা হচ্ছে, যা তাদের নৈতিক অবস্থানের পরিপন্থী। এই দমবন্ধ করা পরিবেশে দায়িত্ব পালন করা অসম্ভব বিধায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে দপ্তর সম্পাদক মো. আছিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। প্রেসক্লাব হবে সব মতাদর্শের সাংবাদিকদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং কর্মস্থল। কিন্তু দুর্ভাগ্যবশত, বর্তমানে বানারীপাড়া প্রেসক্লাবে ভিন্নমতের কোনো অবমূল্যায়ন নেই এবং একপেশে কার্যক্রম চলছে। এই পরিস্থিতিতে নৈতিক দায়বদ্ধতা থেকে আমরা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম পদত্যাগপত্র প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তিনি এই ঘটনাকে “দুঃখজনক” বলে অভিহিত করে বলেন, “সংগঠনের স্বার্থে এবং অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখতে আমি পদত্যাগকারী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *