
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বশক্তির দুই দেশ চীন ও রাশিয়া। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চীনের সরকার ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, এই অর্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতায় ব্যয় করা হবে। স্কুলে হামলা ও নিরপরাধ শিশুদের প্রাণহানিকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে চীন এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মস্কো ও বেইজিং। গত শুক্রবার (১৩ মার্চ) নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করলে রাশিয়া ও চীন তার তীব্র বিরোধিতা করে। আলোচনার এক পর্যায়ে দেশগুলো একে অপরের বিরুদ্ধে গুরুতর সব পাল্টাপাল্টি অভিযোগ তোলে।
নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেয়। ওয়াশিংটনের এই প্রস্তাব রুখে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালায় রাশিয়া ও চীন।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে পরাশক্তিগুলোর এই মুখোমুখি অবস্থান ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে।
