শুক্রবার, মার্চ ১৩

আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||

রাজধানীতে আন্তর্জাতিক আল-কুদস দিবস এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাতকে কেন্দ্র করে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টায় আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন দখল, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং রাহবার সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ড আপ ফর গাজা’, ‘স্টপ কিলিং’ ও ‘ফ্রি ফিলিস্তিন’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, আল-কুদস দিবস বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্য এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি অকুন্ঠ সমর্থনের প্রতীক। আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) ছিলেন ইসলামি মূল্যবোধ ও ইনসাফ কায়েমের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সংগ্রামী জীবন ও আত্মত্যাগ মুসলিম উম্মাহকে অন্যায়-জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিরন্তন অনুপ্রেরণা জোগায়। বক্তারা আরও উল্লেখ করেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও পবিত্র বায়তুল মুকাদ্দাসের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। পবিত্র রমজান মাসের এই দিনে বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রত্যাশী মানুষের এই একাত্মতা ফিলিস্তিনিদের বিজয়কে ত্বরান্বিত করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আল-কুদস কমিটি বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা ফারুক আহমাদ, ড. আনোয়ারুল কবীর, মাওলানা রেজা হুসাইনী, মাওলানা আলী মুর্তজা, শায়খ মাওলানা ওসমান গনী, কবি আমিন আল আসাদ, কবি শাহনেওয়াজ তাবীব এবং মাওলানা মো. আবু বকর সিদ্দীক প্রমুখ নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি এবং ফিলিস্তিনের মজলুম জনগণের বিজয় কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *