মঙ্গলবার, মার্চ ১০

সলঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ইউনিয়নের হরিনচড়া বাজারস্থ নিউ ফুড ভিলেজ হোটেল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহিন-এর সার্বিক সহযোগিতায় এবং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খোন্দকার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার।

অনুষ্ঠানে হেলাল সরকার তার বক্তব্যে বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। এই নির্বাচনে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পবিত্র রমজানের মহান শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার চেয়ারম্যান, সাবেক সদস্য তৌহিদুল ইসলাম জুয়েল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সিসহ রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

পরিশেষে আয়োজিত দোয়া মাহফিলে মরহুম শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *