
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখেরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শহাদাৎ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও প্রশিক্ষিত করে তুললে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বাস্তবমুখী ধারণা লাভ করেন।
উল্লেখ্য, কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
