মঙ্গলবার, মার্চ ১০

​দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

|| ​আন্তর্জাতিক ডেস্ক ||

​মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অত্যন্ত দ্রুততার সঙ্গে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে দাবি করেন, এটি একটি ‘স্বল্পমেয়াদী সফর’ এবং এর মাধ্যমে বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে। খবর: আল জাজিরার।

​যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে শুরু করা ‘অপারেশন এপিক ফিউরি’ এখন দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে। ট্রাম্প জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযানে ইরানের সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় ৮০ শতাংশই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া সাড়ে তিন দিনের অভিযানে ইরানের ৪৬টি উন্নতমানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

​প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল। সেই হুমকি নস্যাৎ করতেই এই আগাম আক্রমণ চালানো হয়েছে। ভাষণে তিনি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেসহ বেশ কয়েকজন নেতার মৃত্যুর বিষয়টি উদযাপন করেন এবং নতুন নেতা হিসেবে মোজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।

​ট্রাম্প আরও বলেন, যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে জয়ী হয়েছে, তবে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘ ৪৭ বছরের এই সমস্যার স্থায়ী সমাধান করতে মার্কিন সামরিক বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *