
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ইফতার মাহফিলে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে হয়েছে, সংসদেও একইভাবে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাস্তবায়নে কাজ করতে হবে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়াম-এ এনসিপির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচিত সরকার কোনো প্রচলিত প্রক্রিয়া থেকে আসেনি; অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। এই সরকারের বৈধতার ভিত্তি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং সেই আন্দোলনের ফলাফল হিসেবে ঘোষিত জুলাই সনদ। এ বাস্তবতা ভুলে গেলে চলবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যদি জাতীয় সংসদ পুরোনো সংবিধানের অজুহাতে সংস্কার প্রক্রিয়া বা শপথ গ্রহণ থেকে বিরত থাকে, তবে তা জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন তৈরি করবে। সেই সঙ্গে আন্দোলনে শহীদদের আত্মত্যাগের সঙ্গেও তা বেইমানি হবে বলে উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, আজকের এ ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা একত্রিত হয়েছেন। এই ঐক্যের পরিবেশ সম্ভব হয়েছে আন্দোলনে শহীদ হওয়া অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং রাজপথে মানুষের সংগ্রামের কারণে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
