মঙ্গলবার, মার্চ ১০

হরিরামপুরে পোদ্দারবাড়িতে চুরি; নগদ অর্থ ও মালামাল লুট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী পোদ্দারবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ভবনের চারটি কক্ষের দরজার তালা ভেঙে আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা যায়, মৃত নারায়ণ চন্দ্র পোদ্দারের স্ত্রী পুষ্প পোদ্দার গত ৫ ফেব্রুয়ারি বাসা তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ভারতে যান। চিকিৎসা শেষে গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন৷ তিনি ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সহ জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

ঘরগুলো পরিদর্শন করে দেখা যায়, বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলার মোট চারটি কক্ষের দরজার লক ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রোপের তালা ভেঙে মালামাল তছনছ করে পোশাক, নগদ অর্থ ও সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির সিঁড়ির চিলেকোঠার দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

পুষ্প পোদ্দারের ভাতিজা চিরঞ্জিত পোদ্দার বলেন, আমার জেঠিমা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে দেখেন চুরি হয়েছে৷ এ ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *