শুক্রবার, ফেব্রুয়ারি ২৭

শাহজাহানপুরে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ‘রোজার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সংগঠনের শাহজাহানপুর থানা শাখার অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বক্তব্যে তিনি বলেন, রোজা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের একটি মহান মাস। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শাহজাহানপুর থানা শাখার আহবায়ক প্রফেসর মুন্সী নুরুল আলম বেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন হলি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ ভূঞা, মজলিসে আমল সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, শূরা সদস্য মাওলানা এনায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরামগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে শরিক হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *