
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী বৈতরণী পার হতে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুসংহত করতে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে দলটি। নবগঠিত এই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে আনা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের তুখোড় সংগঠক সারজিস আলমকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারজিস আলমকে চেয়ারম্যান করে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল হান্নান মাসউদ, এমপিকে।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
দলীয় সূত্র জানায়, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে এনসিপি। বিশেষ করে নতুন দল হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতেই সারজিস আলমের মতো পরীক্ষিত সংগঠকের ওপর ভরসা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সারজিস আলম এর আগে উত্তরাঞ্চলে দল গোছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন নির্বাচনী মাঠের কৌশল নির্ধারণ, প্রার্থী বাছাই এবং প্রচারণার সমন্বয়ক হিসেবে তাঁর ভূমিকা দলের জন্য কতটা ফলপ্রসূ হয়, সেটিই দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই সমন্বয় তৃণমূল নির্বাচনে এনসিপিকে বাড়তি সুবিধা দিতে পারে।
