
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে থানা পুলিশ, প্রেসক্লাব নাগেশ্বরী, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপি কার্যালয়সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান এবং প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া দিনব্যাপী উপজেলার বিভিন্ন মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
