
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ তিন হাজার একশত তিন ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে শপথ করেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে স্বাধীনতার পর এই প্রথম একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠে।
আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব ছিল আপসহীন ও দৃঢ় অবস্থানের প্রতীক, যা তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে।
মন্ত্রীত্ব ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করেন—মন্ত্রীত্ব পাওয়ায় জেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে আরও গতি আসবে। বিশেষ করে শিল্পকারখানা স্থাপন, নদীভাঙন রোধ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন তিনি।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই তিনি বড় ব্যবধানে জয় লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক লাখ চার হাজার ভোটের ব্যবধান মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় পেয়েছেন তিনি।
